সিরাজগঞ্জে এমপির গাড়ি ভাঙচুর: প্রধান আসামি তমাল গ্রেপ্তার
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রায়গঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই চাঞ্চল্যকর মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনার পর পুলিশ টানা ৩৮ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত গভীর রাতে রায়গঞ্জ পৌর এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত তমাল সরকার বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য। তবে তমাল সরকারের পরিবারের পক্ষ থেকে পুলিশের এই দাবি অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তমাল আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে থানায় আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন, কিন্তু পথেই পুলিশ তাকে আটক করে।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
ওই রাতেই রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। হামলার জন্য সংসদ সদস্য ভিপি আয়নুল হক জামায়াতে ইসলামী, ছাত্রশিবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করলেও সংশ্লিষ্ট দলগুলো এ অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।
১৩০ বার পড়া হয়েছে