নওগাঁয় সরকারি সেবা নিশ্চিতকরণে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সংলাপ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় সরকারি সেবামূলক কার্যক্রমকে গতিশীল ও প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি সেবাপ্রদানকারী, স্থানীয় সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভয়েজেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।
আঞ্চলিক পল্লী উন্নয়ন সংস্থা (আপোস) ও খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই সংলাপের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রজেক্ট কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা সিদ্দিকা, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহ্উদ্দীন এবং আপোসের নির্বাহী পরিচালক এস. এম. সহিদুল ইসলাম। এছাড়াও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাদেকুল ইসলামসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।
আলোচকগণ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারের নানা কল্যাণমুখী সেবা পৌঁছে দেওয়ার মূল মাধ্যম হলো ইউনিয়ন পরিষদ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে সাধারণ মানুষ এসব নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সুসম্পর্ক বজায় থাকলে এই দূরত্ব ঘুচানো সম্ভব।
বক্তারা আরও উল্লেখ করেন, সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল প্রতিটি সরকারি সেবার শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলে সংলাপে ঐক্যমত প্রকাশ করা হয়।
১২৬ বার পড়া হয়েছে