মোটরসাইকেলের সাইলেন্সরে বিকট শব্দ হওয়ায় নওগাঁয় জরিমানা
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দে আতঙ্ক সৃষ্টির দায়ে সাকলাইন মোস্তাক নামের এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে তার মোটরসাইকেলটি জব্দ করার পাশাপাশি অবৈধ সাইলেন্সর পাইপটি চিরতরে বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের মুক্তির মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার বাসিন্দা সাকলাইন মোস্তাক বর্তমানে পরিবারের সাথে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে তিনি নিজের ১৫০ সিসির একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের সাইলেন্সর পাইপ পরিবর্তন করে শহরের রাস্তায় তীব্র ও বিকট শব্দে চলাচল করছিলেন। এতে করে সাধারণ পথচারী ও বিশেষ করে বয়স্ক ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষের সৃষ্টি হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে সাকলাইন যখন মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের গেট এলাকায় ওই বাইক নিয়ে বিকট শব্দে মহড়া দিচ্ছিলেন, তখন স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে হাতেনাতে আটকে ফেলেন। এরপর তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে। সংবাদ পেয়ে নওগাঁ ট্রাফিক পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই চালক ও তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণে নেয়।
নওগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট জগদীশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী মোটরসাইকেলের মূল সাইলেন্সর পরিবর্তন করে তীব্র শব্দ তৈরি করা সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া অভিযানের সময় ওই কিশোরের কাছে বৈধ কোনো ড্রাইভিং লাইসেন্সও পাওয়া যায়নি। আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা করে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে জব্দ করা বাইকের অবৈধ সাইলেন্সরটি খুলে স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
১৫৬ বার পড়া হয়েছে