শুরু হচ্ছে তৃতীয় অধিবেশন, সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন নির্বিঘ্ন রাখতে ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি।
ডিএমপির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভও নিষিদ্ধ থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা জরুরি। এ কারণে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর পাশাপাশি বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত সড়কও এর অন্তর্ভুক্ত।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উত্তরা জাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
১৩৪ বার পড়া হয়েছে