মুন্সীগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা কারাগারের সার্বিক কার্যক্রম ও বন্দিদের সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি কারাবন্দিদের মানবিক সেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
গত সোমবার (২৪ আগস্ট) মুন্সীগঞ্জের জেলা কারাগার এলাকায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিদর্শনে যান জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। পরিদর্শনকালে তিনি কারা অভ্যন্তরের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বন্দিদের খোঁজখবর নেন।
এ সময় তার সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম এবং জেল সুপার মোঃ জান্নাত-উল-ফারহাদ। এছাড়াও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা এই কার্যক্রমে অংশ নেন।
উক্ত পরিদর্শনে জেলা প্রশাসক কারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে বন্দিদের যথাযথ সংশোধন প্রক্রিয়া ও তাদের মৌলিক অধিকারগুলো অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষভাবে জোর দেন। সাজা সমাপ্তির পর তারা যেন সুন্দর ও স্বাভাবিক নাগরিক জীবনে ফিরে যেতে পারেন, সেজন্য কর্মকর্তাদের গঠনমূলক এবং বাস্তবসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন ডিসি।
২৯৭ বার পড়া হয়েছে