সিরাজগঞ্জে র্যাবের অভিযান: ৪২৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ২ নারী মাদক কারবারি
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে র্যাব-১২। সোমবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রামারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা রাজশাহী সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট থানার মৃত আনিসুর রহমানের মেয়ে মোছাঃ রোকেয়া বেগম (৫০) এবং গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)। মঙ্গলবার সকালে র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তবরীজ তাজওয়ার শরীফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, সোমবার দুপুরে র্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানাধীন রামারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে তল্লাশি করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করতেন। পরবর্তীতে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তা ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করতেন।
গ্রেফতারের পর মঙ্গলবার সকালে ওই দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১৬৬ বার পড়া হয়েছে