ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন, ধর্মান্তর ও প্রতারণার অভিযোগ
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে প্রতারণা করে ধর্মান্তরিত করার পর বিয়ে ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন এক তরুণী। ফরিদপুর শহরের রথখোলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়ে মামলাও দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের রথখোলা এলাকার বাসিন্দা বরুণ রবি দাস প্রথমে মোবাইলের মাধ্যমে ওই মুসলিম তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তাকে ধর্মান্তরিত করে নতুন নাম দিয়ে ২০২৪ সালের জানুয়ারি মাসে নোটারি পাবলিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেন। বিয়ের পর প্রায় এক বছর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ভাড়া বাসায় বসবাস করেন। এই সময়ের মধ্যে বরুণ কৌশলে ওই তরুণীর কাছ থেকে আনুমানিক আট লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বরুণ বিয়ের বিষয়টি অস্বীকার করলে নিরুপায় হয়ে ওই তরুণী ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আইনি প্রক্রিয়ার পাশাপাশি নিজের অধিকার ফিরে পেতে রোববার বিকাল থেকে বরুণের বাড়ির সামনে অনশন শুরু করেন ভুক্তভোগী নারী।
অনশনরত ওই তরুণী জানান, বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তার জীবন ধ্বংস করা হয়েছে। বাড়িতে এসে স্ত্রীর দাবি জানানোয় বরুণের মা ও ভাই তার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছেন। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
can অন্যদিকে অভিযুক্ত বরুণ রবি দাস সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। ওই তরুণী ভুয়া হলফনামা দেখিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন এবং ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ দাবি করছেন। বরুণের মা জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ তার ছেলের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এতে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
১২৮ বার পড়া হয়েছে