সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ ২ কারবারি আটক, জব্দ ট্রাক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার গভীর রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও এ সময় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে জেলা পুলিশ। এ সময় একটি ঢাকাগামী সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ট্রাকের চালক মো. আবু বক্কর (৪৪) ও তার সহযোগী মো. মোহান আলীকে (৩১) হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধারকৃত এই বিশাল পরিমাণ হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ট্রাকচালক আবু বক্করের বিরুদ্ধে এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার।
১১৮ বার পড়া হয়েছে