স্মৃতির জালে
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তোমাকে কী করে বলি আমি কেমন আছি,
কিছু অনুভূতি কি কখনো দু-চারটি কথায় বলা যায়?
ভালো নেই এই ছোট্ট কথাটার আড়ালে
কত রাতের কান্না, কত নিঃশব্দ ভাঙন লুকিয়ে থাকে।
তুমি শুধু জিজ্ঞেস করো না, কেমন আছো?
কখনো একটু থেমে জিজ্ঞেস করো ,এখন কী করছো?
হয়তো তখন আমি বলতে পারব,
কীভাবে নিজের ভেতরেই প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছি।
তোমাকে কী করে বলি, কোন ট্রমার ভেতর দিয়ে যাচ্ছি আমি,
কোন স্মৃতিগুলো আজও নিঃশব্দে বুকের ভেতর আগুন জ্বালায়
কীভাবে বলব, কোনো কাজ করার শক্তি খুঁজে পাই না,
সময়মতো খাওয়া হয় না, ঘুম আসে না শুধু রাত জেগে যায়।
তুমি কী করে বুঝবে, শরীরটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেও
আমার মনটা তখনও জেগে থাকে অদৃশ্য কোনো যন্ত্রণায়
মনটা বড় বেহায়া নিজের কন্ট্রোলে একটুও থাকে না,
চাইলেও তাকে থামাতে পারি না, চাইলেও ফিরিয়ে আনতে পারি না।
মনটা যেন এক অদৃশ্য ডানার পাখি
তার কোনো পাখা নেই, তবু সে উড়ে বেড়ায় অবিরত
ঘুমের গভীর রাতেও সে সজাগ হয়ে খুঁজে ফেরে
পুরোনো মুখ, পুরোনো দিন আর হারিয়ে যাওয়া কথাগুলো।
কখনো সে ফিরে যায় সেইসব পরিচিত বিকেলের কাছে,
যেখানে হাসির আড়ালেও জমে ছিল অজস্র না বলা কথা
কখনো কোনো পরিচিত গন্ধ, কোনো পুরোনো স্মৃতি
হঠাৎ তাকে টেনে নিয়ে যায় সেই ব্যথার দরজার কাছে।
আমি তাকে বারবার বলি ফিরে এসো, এবার একটু শান্ত হও,
কিন্তু সে আমার কথা শোনে না, সে নিজের মতোই উড়ে চলে
ডানা নেই, তবু তার উড়ে যাওয়ার শেষ নেই।
শুধু স্মৃতির জালে জড়িয়ে পড়ে, আবারও ফিরে আসে আমার কাছে।
তাই আমাকে শুধু জিজ্ঞেস কোরো না,কেমন আছো?
কখনো পাশে বসে নীরবে বলো কিছু বলতে হবে না, আমি আছি।
হয়তো তোমার সেই ছোট্ট কথাটুকুতেই
আমার অস্থির মনটা এক মুহূর্তের জন্য আশ্রয় খুঁজে পাবে।
হয়তো কোনো এক গভীর রাতে, সব স্মৃতি পেরিয়ে
আমার মনটাও একদিন ক্লান্ত পাখির মতো ঘুমিয়ে পড়বে
আর আমি শিখে যাব সব হারিয়ে গেলেও জীবন থেমে থাকে না,
কিছু ব্যথা সঙ্গে নিয়েই মানুষ আবারও ধীরে ধীরে বাঁচতে শেখে।
১২৮ বার পড়া হয়েছে