সর্বশেষ

সারাদেশ

গণপতি চক্রবর্তীর পরিবারের চারজনেরই শেষকৃত্য সম্পন্ন

স্টাফ রিপোর্টার, রংপুর
স্টাফ রিপোর্টার, রংপুর

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের কামাল কাছনা দখীগঞ্জ মহাশ্মশানে ধর্মীয় আচার শেষে পাশাপাশি চারটি চিতায় তাঁদের দাহ করা হয়।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে ময়নাতদন্ত শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে অ্যাম্বুলেন্সে করে দুই দফায় মরদেহগুলো দখীগঞ্জ মহাশ্মশানে নেওয়া হয়।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মীয় আচার–অনুষ্ঠান শেষে পাশাপাশি চারটি চিতায় গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ছেলে আয়ুশের মরদেহ তোলা হয়। এ সময় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের পাশাপাশি পরিবারের পরিচিতজনেরাও কান্নায় ভেঙে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে চারজনের দাহকার্য শেষ হয়।

দাহকার্যের সঙ্গে যুক্ত ছিলেন নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বড় ভাইয়ের জামাতা বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি বলেন, জীবনে অনেক শেষকৃত্য দেখেছেন। তবে একই সময়ে একটি পরিবারের চারজনকে বিদায় জানানোর এই কষ্টের দৃশ্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবেন।

গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা চক্রবর্তীও শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন। বোন, বোনের স্বামী এবং দুই ভাগনে–ভাগনির শেষ বিদায়ের সময় তিনি জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি করেন। তিনি বলেন, ‘যারা মেরেছে, ভগবান তাদের বিচার করবে। তাদের কঠিন শাস্তি চাই।’ কিছুক্ষণ পর তিনি বলেন, ‘আহারে, আজ তাদের বেঁচে থাকার কথা ছিল। একসঙ্গে তারা বিদায় নিল।’

গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ায় নিজেদের বাসা থেকে গণপতি চক্রবর্তী (অবসরপ্রাপ্ত শিক্ষক), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ভাষ্য, ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ওই পরিবারের চার সদস্যকে একে একে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বাড়িও নগরের মাছুয়াপাড়া এলাকায়।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন