বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া সদর উপজেলার আশোকোলায় সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে বাড়ি ফেরার পথে একদল যুবক তার ওপর এই বর্বরোচিত হামলা চালায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম নুনগোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ঘটনার দিন রাতে তিনি বাঘোপাড়া বাজারে স্থানীয় লোকজনের সঙ্গে চা পান শেষ করে তার এক ভাতিজাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বাঘোপাড়া সেতুর নিকট পৌঁছালে তিন যুবক তাদের পথরোধ করে দাঁড়ায়।
অভিযুক্ত ওই যুবকরা সাইফুল ইসলামের পূর্বপরিচিত হওয়ায় তিনি মোটরসাইকেল থামিয়ে তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে ওই তিন যুবক ধারালো অস্ত্র বের করে সাইফুলকে রাস্তার পাশের একটি জমিতে টেনে নিয়ে যায় এবং এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন যুবকের নাম ও পরিচয় ইতোমধ্যেই শনাক্ত করা সম্ভব হয়েছে। আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের দ্রুত আইনের আওতায় আনতে জেলা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে