পঞ্চগড়ে যুব কর্মসংস্থানে ১৮ বিজিবির হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ শুরু
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ব্যবস্থাপনায় মাসব্যাপী ইলেকট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকেরা কারিগরি দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে পারবেন বলে আশা করা হচ্ছে।
রোববার বিকেলে তেতুলিয়া উপজেলার ভজনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এই কোর্সে স্থানীয় শিক্ষিত যুবকদের ইলেক্ট্রিক হাউজ ওয়্যারিং বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। উদ্বোধনী বক্তব্যে তিনি সীমান্তে নিরাপত্তার পাশাপাশি বিজিবির সামাজিক দায়িত্বশীলতার কথা তুলে ধরেন।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। এই ধরণের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকেরা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, কোর্সটি সম্পন্ন করার পর প্রশিক্ষণার্থীরা নিজেদের পেশাজীবী হিসেবে গড়ে তুলতে পারবেন।
১৪১ বার পড়া হয়েছে