জামালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: দুই সন্তানকে আটকে স্বামী পলাতক
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে দুই সন্তানকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয় ইসরাত জাহান (৩৪) নামে ওই নারীর লাশ। ঘটনার পর থেকেই তার স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইসরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মুদি ব্যবসা করেন। তারা গত প্রায় এক মাস ধরে পাঁচরাস্তা মোড় এলাকার একটি ছয় তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। দাম্পত্য কলহের জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো বলে জানা গেছে।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, শনিবার রাতে বাসায় ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাওসার তার ১০ বছর ও ৬ বছর বয়সী দুই সন্তানকে পাশের ঘরে আটকে রেখে ইসরাতকে বেদম মারধর করেন। আজ রবিবার সকালে সন্তানদের ঘরের দরজা খুলে দিয়ে মূল ফটকে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি।
পরবর্তীতে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে দুই শিশু জানলা দিয়ে চিৎকার শুরু করে। তাদের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন বাড়ির মালিককে খবর দেয়। দরজা তালাবদ্ধ থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে এবং পাশের ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিকের পরিবার জানিয়েছে, পরিবারটি মাত্র এক মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিক আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১২২ বার পড়া হয়েছে