খুলনায় নিখোঁজের দুই দিন পর কাজিবাছা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদী থেকে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ইয়াদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছিল সে। অবশেষে শনিবার দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইয়াদুল ইসলাম নড়াইল জেলার কালিয়া উপজেলার বিষ্টুপুর গ্রামের শিমুল মোল্লার ছেলে। সে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় পরিবারের সাথে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুল ছুটি হওয়ার পর কাজিবাছা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয় শিশু ইয়াদুল। এরপর থেকে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শনিবার দুপুরে জলমা ইউনিয়নের তেঁতুলতলা দুর্গা মন্দিরের পূর্ব পাশে নদীর তীরে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা তৎক্ষণাৎ বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ, নৌ পুলিশ, সিআইডি এবং পিআইবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় নদী তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।
১০৮ বার পড়া হয়েছে