জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে বিকল, উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৫:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের পুরানাপুল এলাকায় রেললাইনের ওপর চিলাহাটি থেকে রাজশাহীগামী ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের বডি ও কয়েল স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়েছে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে চালক ও পরিচালকের দ্রুত সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শত শত যাত্রী।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকালে ট্রেনটি পুরানাপুল রেলগেট এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে একটি বগির নিচের অংশ বসে যায়। যাত্রীবাহী ওই কোচের চ্যাসিস ও স্প্রিং ভেঙে নিচে নেমে যাওয়ায় চালক দ্রুত গতি কমিয়ে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন।
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। অন্যথায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে ভয়াবহ প্রাণহানির আশঙ্কা ছিল।
এই ঘটনার পর পার্বতীপুর, সান্তাহার, রাজশাহী ও ঢাকাগামী রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে গেছে। আকস্মিক ট্রেন বন্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে ঢাকাগামী ও অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত কোচটি লাইন থেকে সরানোর জন্য পার্বতীপুর ও সান্তাহার জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতিমধ্যেই রওনা দিয়েছে। তবে রেল যোগাযোগ কখন স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।
১৪৩ বার পড়া হয়েছে