পাবনায় জলাবদ্ধতা দূর করতে ড্রেন পরিষ্কারে নামল পৌরসভা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা দূর করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শুক্রবার শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কারের কাজ সরজমিনে পরিদর্শন করেন পৌর প্রশাসক খায়রুল ইসলাম। নাগরিকদের স্বস্তি দিতে এই নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে পুরো পৌর এলাকায় চালানো হবে।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম আকস্মিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে তিনি সরেজমিনে ড্রেন পরিষ্কারের সামগ্রিক অগ্রগতি ঘুরে দেখেন এবং দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার করা হলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সচল হবে। এই কাজে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
পৌর কর্তৃপক্ষ জানায়, প্রথম পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর পানি নিষ্কাশন লাইন সচল করা হচ্ছে। এরপর ক্রমান্বয়ে আবাসিক এলাকার ভেতরের ড্রেনগুলো পরিষ্কার করা হবে। নাগরিকদের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে পৌর প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
অভিযান চলাকালে পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক আসাদুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার এমন সময়োপযোগী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে নাগরিকদের ড্রেনে ময়লা ফেলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০৯ বার পড়া হয়েছে