গোবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) একটি অনলাইন পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রাতে ক্যাম্পাস এলাকার নিউমার্কেট ও শহীদ হাদি চত্বরে এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডিবেটিং সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ওঠার পর থেকে ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে ডিবেটিং সোসাইটির নতুন কমিটির একটি পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থীর মধ্যে বিতর্কের সৃষ্টি হয়।
এই ফেসবুক পোস্ট ও মেসেঞ্জারে হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী তিতুমীর হলে গিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের খুঁজতে থাকে। একপর্যায়ে উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এ সময় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ হাদি চত্বর ও নিউমার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তেজনাকর পরিস্থিতির ভিডিও ধারণ করতে গেলে কর্তব্যরত প্রক্টরের সামনেই বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও প্রেসক্লাবের সদস্যদের সাথে আইন বিভাগের শিক্ষার্থীদের বাকবিতণ্ডা ও চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সময় কতজন আহত হয়েছেন, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহসান সৌরভ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। উভয় বিভাগের শিক্ষকদের সাথে আলোচনা করে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বাস দেন।
১২৭ বার পড়া হয়েছে