রাষ্ট্রপতির শপথ ঘিরে ঢাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ও কিছু রুটে যানবাহনকে বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ট্রাফিক মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরুর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।
এ ছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানমুখী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজন হলে বাসগুলোকে সুবিধাজনক অন্য বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক বাংলা থেকে রাজউকমুখী কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।
অন্যদিকে, হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করে বাম দিকে ফুলবাড়িয়া অথবা ডান দিকে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা ও শাপলা চত্বরের দিকে যেতে বলা হয়েছে।
বিকল্প পথ হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-শাপলা চত্বর-ইত্তেফাক সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে ডিএমপি।
ডিএমপি জানিয়েছে, সাময়িক এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও আশপাশের এলাকায় যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই নগরবাসীকে নির্দেশনা মেনে চলার পাশাপাশি সম্ভব হলে এসব সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ করা হয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে