১৫ দিনের ছুটি নিয়ে অনন্তের পথে সাংবাদিক দেবাশীষ দত্ত
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্মৃতিচারণ করেছেন তাঁর সহকর্মী তামীম আদনান। স্ত্রীর চিকিৎসার জন্য ১৫ দিনের ছুটি নিয়ে ভারতে গিয়ে সপরিবারে ট্র্যাজিক মৃত্যুর শিকার হওয়া এই গুণী সাংবাদিকের চলে যাওয়া যেন স্তব্ধ করে দিয়েছে কুষ্টিয়ার সংবাদ অঙ্গনকে। সহকর্মীর সেই স্মৃতিচারণে উঠে এসেছে এক বুক হাহাকার ও না বলা বেদনার গল্প।
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সপরিবারে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার পরিচিত সংবাদকর্মী দেবাশীষ দত্ত। তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে কুষ্টিয়ার সাংবাদিক মহলে। দেবাশীষ দত্তের সহকর্মী ও আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামীম আদনান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শেষ দিনগুলোর স্মৃতিচারণ করে একটি আবেগপূর্ণ পোস্ট দিয়েছেন।
স্মৃতিচারণায় তামীম আদনান জানান, গত ৩১ জুলাই রাতে দেবাশীষ দত্তের সঙ্গে তাঁর শেষ দীর্ঘ কথোপকথন হয়েছিল। দেবাশীষ দত্ত তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ৩ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট ১৫ দিনের ছুটি নিয়েছিলেন। ছুটি চলাকালীন কুষ্টিয়া শহরের সংবাদ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব তামীম আদনানকে বুঝিয়ে দিয়ে ১ আগস্ট তিনি ছুটির আবেদনপত্র পাঠিয়েছিলেন।
ভারতে পৌঁছানোর পর প্রায় প্রতিদিনই সহকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ হতো। গত সোমবার দেবাশীষ দত্ত শেষবারের মতো ফোনে জানান যে, তিনি কলকাতায় ফিরছেন এবং দুই-এক দিনের মধ্যেই কুষ্টিয়ায় নিজের কর্মস্থলে যোগ দেবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে, বাড়ি ফেরার ঠিক আগের রাতে কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় সপরিবারে তাঁর মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছোট ছেলে মারা গেলেও কুষ্টিয়ার ভাড়া বাসায় রেখে যাওয়া তাঁর একমাত্র কন্যা মহিমা দত্ত এখন সম্পূর্ণ নিঃসঙ্গ ও অসহায় হয়ে পড়েছে। কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় অবস্থিত তাঁর বাসায় এখন কেবলই স্বজনদের বুকফাটা আর্তনাদ। দেবাশীষ দত্তের চলে যাওয়া কেবল একটি পরিবারের স্বপ্নকেই ধূলিসাৎ করেনি, বরং কুষ্টিয়ার সাংবাদিকতা জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক 'আজকের আলো' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা দেবাশীষ দত্তের মৃত্যুর খবরটি এখন দেশের সকল সংবাদমাধ্যমের প্রধান শিরোনাম। যে চশমা, ল্যাপটপ আর চেয়ার ব্যবহার করে তিনি প্রতিনিয়ত মানুষের খবর তুলে ধরতেন, আজ সেগুলো শূন্য পড়ে থাকলেও তিনি নিজেই রূপ নিয়েছেন এক হৃদয়বিদারক সংবাদে।
১১৪ বার পড়া হয়েছে