কলাপাড়ায় বাল্যবিয়েকে 'লাল কার্ড': ১০ ছাত্রীকে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকেরা বাল্যবিয়েকে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে কুপ্রথাটিকে রুখে দেওয়ার অঙ্গীকার করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা আভাসের উদ্যোগে এ সময় অসহায় ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। বেসরকারি উন্নয়ন সংস্থা 'আভাস' আয়োজিত এবং 'একশনএইড বাংলাদেশ' এর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আভাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান এবং সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু। কলাপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আভাসের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহিত করতে নানা উপহার সামগ্রী ও আর্থিক অনুদান বিতরণ করা হয়। এর মধ্যে পাঁচজন সুবিধাবঞ্চিত ছাত্রীকে যাতায়াতের সুবিধার জন্য পাঁচটি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ১০ জন নারী শিক্ষার্থীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পাঁচ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
বাল্যবিয়ে চিরতরে বন্ধ করতে ও পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ১৫ জন ছাত্রীর অভিভাবককে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে প্রতি পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধনমূলক আর্থিক সহায়তা প্রদান করে আয়োজক সংস্থাটি।
১১৭ বার পড়া হয়েছে