সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, জিডি করতে গিয়ে ধরা স্বামী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর মরদেহ কবরস্থানে মাটিচাপা দেওয়ার রোমহর্ষক ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নাটকীয়ভাবে থানায় নিখোঁজের জিডি করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে পড়ে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত স্বামী শরীফ মিয়া।

নরসিংদীর মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিহত হোসনে আরা বেগম (৩৯) ওই গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শরীফ মিয়া (৪২) ভগিরথপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন চা বিক্রেতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে শরীফ তার স্ত্রীকে প্রচণ্ড আঘাত করলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে ঘরেই তার মৃত্যু হলে শরীফ বিষয়টি গোপন রেখে মরদেহ ঘরের মেঝেতে লুকিয়ে রাখেন।

অপরাধ ঢাকতে পরদিন ১৮ আগস্ট গভীর রাতে শরীফ তার স্ত্রীর মরদেহ কাঁধে করে বাড়ির পাশের একটি কবরস্থানে নিয়ে যান এবং সেখানে একাই মাটিচাপা দিয়ে আসেন। এরপর ঘটনাটি ধামাচাপা দিতে তিনি চারদিকে রটিয়ে দেন যে, তার স্ত্রী রাগ করে বাড়ি থেকে চলে গেছেন।

হত্যাকাণ্ডের দুই দিন পর ১৯ আগস্ট দুপুরে নাটকীয়ভাবে শ্বশুরকে সঙ্গে নিয়ে মাধবদী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে যান শরীফ। এ সময় তার কথাবার্তা ও আচরণে পুলিশের সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্ত্রীকে হত্যা ও মরদেহ গুম করার কথা স্বীকার করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থল চিহ্নিত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবরস্থান থেকে নিহতের মরদেহ উত্তোলনের আইনি প্রক্রিয়া চলছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন