সর্বশেষ

জাতীয়

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দীপু মনির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বামী তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশি পাহারায় তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তাঁকে ঢাকার উদ্দেশে নেওয়া হয়।

দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. হাসেম রেজা। তিনি জানান, বুধবার সন্ধ্যায় দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য মুক্তির নির্দেশনার কাগজ কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে আজ ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

কারাগার সূত্রে জানা গেছে, সকাল ৬টা ১০ মিনিটের দিকে দীপু মনিকে কারাগার থেকে বের করা হয়। তাঁর নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যানে মোট ৩৮ জন পুলিশ সদস্য ছিলেন। নির্দেশনা অনুযায়ী, তাঁকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে একই নিরাপত্তাব্যবস্থায় কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দীপু মনি তাঁর স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন।

এরপর তৌফিক নেওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়ার কথা রয়েছে। সেখানে বাদ জোহর জানাজা ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়।

স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য তাঁর মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বুধবার মুন্সিগঞ্জ জেলা কারাগার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনসংক্রান্ত কার্যক্রম চালান। এর আগে আইনজীবী চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমোদন দেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা একাধিক মামলায় আসামি হয়ে দীপু মনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। এর আগে কারাগারের বাইরে স্বামীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে তিনি একাধিকবার আবেদন করেছিলেন। আদালতে হাজিরার সময় অসুস্থ তৌফিক নেওয়াজ স্ট্রেচারে করে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন