মুন্সীগঞ্জ হাসপাতালে ২৫শ' ডেঙ্গু পরীক্ষার কিট দিল জেলা প্রশাসন
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দ্রুত রোগ শনাক্তকরণের লক্ষ্যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ হাজার ৫০০টি এনএস১ (NS1) অ্যান্টিজেন কিট প্রদান করেছে জেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অর্থায়নে সংগৃহীত এই কিটগুলোর মাধ্যমে স্থানীয় রোগীরা মাত্র ১৫ থেকে ২০ মিনিটে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সুবিধা পাবেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সক্ষমতা বাড়াতে এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। বুধবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে হাসপাতালের চিকিৎসকদের হাতে এসব কিট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম মোস্তফা। মূলত সদর উপজেলা নির্বাহী অফিসারের বিশেষ অর্থায়নে এই ২ হাজার ৫০০টি এনএস১ অ্যান্টিজেন কিট ক্রয় করা হয়েছে। হাসপাতালের পক্ষে কিটগুলো গ্রহণ করেন আবাসিক সার্জন (আরএস) ডা. ইয়াসমিন আক্তার।
চিকিৎসকেরা জানান, ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ দ্রুত শনাক্ত করার ক্ষেত্রে এনএস১ অ্যান্টিজেন টেস্ট অত্যন্ত নির্ভরযোগ্য ও কার্যকর। সাধারণত জ্বর শুরু হওয়ার প্রথম এক থেকে তিন দিনের মধ্যে এই পরীক্ষার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে ডেঙ্গু জ্বর শনাক্ত করা সম্ভব।
নতুন এই কিটগুলো পাওয়ার ফলে হাসপাতালে আসা সাধারণ রোগীদের মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ডেঙ্গু পরীক্ষা সম্পন্ন করা যাবে। এর ফলে মুন্সীগঞ্জে ডেঙ্গুর দ্রুত চিকিৎসা নিশ্চিতকরণ এবং মহামারি প্রতিরোধে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১১৫ বার পড়া হয়েছে