স্বামীর মৃত্যু: সাবেক মন্ত্রী দীপু মনির ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হয়েছে। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তিনি প্যারোলে মুক্তি পাবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। তিনি জানান, চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও কর্তৃপক্ষ ১২ ঘণ্টার মুক্তির সময় নির্ধারণ করেছে।
বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির আবেদন নিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনপত্র জমা দেন।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।
১১৩ বার পড়া হয়েছে