গোপালগঞ্জে ১০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে উপজেলা মৎস্য বিভাগ। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিষিদ্ধ এই জালগুলো আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের বেশ কয়েকটি বিলে এই বিশেষ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে বর্ষার পানিতে একশ্রেণির অসাধু মৎস্যজীবী নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে অবাধে ছোট-বড় সব ধরনের মাছ শিকার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতেই বিলগুলোতে তৎপরতা চালায় প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক। তিনি জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এই নিষিদ্ধ জালের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় পিঞ্জুরি ইউনিয়নের বিভিন্ন বিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।
জব্দ করা নিষিদ্ধ জালগুলো পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে এনে জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় স্থানীয় অসাধু জেলেদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
১১২ বার পড়া হয়েছে