বাকৃবিতে পেনশন ব্যবস্থা সহজীকরণে অনলাইন অটোমেশনের সুপারিশ
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও ভাতা প্রদান প্রক্রিয়া সহজ করতে অনলাইন অটোমেশন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এই পদ্ধতি চালু হলে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে পেনশন সুবিধা পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে বাকৃবির অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও অবস্থান করছেন। ফলে প্রতি মাসে নির্ধারিত বিল ফরম হিসাব শাখায় সশরীরে জমা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই গত মে মাসে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল।
গঠিত কমিটির প্রধান সুপারিশগুলোর মধ্যে রয়েছে—সমগ্র পেনশন ও সব ধরনের ভাতা প্রদান প্রক্রিয়াকে একটি আধুনিক অনলাইন বা অটোমেশন সফটওয়্যারের আওতায় নিয়ে আসা। এই ডিজিটাল রূপান্তর সম্পন্ন হলে প্রতি মাসে ম্যানুয়ালি বিল ফরম জমা দেওয়ার বাধ্যবাধকতা পুরোপুরি বিলুপ্ত হবে। এছাড়াও পেনশনভোগীদের একটি সুরক্ষিত ডাটাবেস তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিবেদন গ্রহণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সেবক ও গর্বের অংশ। তাঁদের প্রাপ্য আর্থিক সুবিধা কোনো হয়রানি ছাড়াই দ্রুত প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।" তিনি কমিটির সুপারিশগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
গত ২৭ মে অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আলী রেজা ফারুককে সভাপতি এবং হিসাব শাখার ডেপুটি ট্রেজারার মো. দেলোয়ার হোসেনকে সদস্য-সচিব করে এই কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রতিবেদন হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক এবং রেজিস্ট্রারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১১৫ বার পড়া হয়েছে