তারেক রহমানের ভারত সফর নিয়ে আপডেট নেই: শামা ওবায়েদ
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো হালনাগাদ তথ্য তাঁর কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে তাঁর কাছে কোনো আপডেট নেই। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চলতি আগস্টে এই সফর আয়োজন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। তবে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে বার্তা দিয়েছে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি রয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও প্রত্যর্পণের দাবি জানিয়েছে ঢাকা।
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ যে বার্তা দিয়েছে, এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
এদিকে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার জন্য ভারত আমন্ত্রণ জানিয়েছে।
তবে ব্রিকসের আমন্ত্রণপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে শুধু বিমসটেকের চেয়ার হিসেবে উল্লেখ করায় বাংলাদেশ সন্তুষ্ট নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২৮ বার পড়া হয়েছে