ফরিদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৪:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে গণধর্ষণের আলোচিত মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মাগুরার নাসির মোল্যা (২৬), ফরিদপুরের সৈকত চন্দ্র (২৬) এবং অপর আসামি নাসির মোল্যা (৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ জানুয়ারি রাতে গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীকে মোবাইল ফোনের পরিচয়ের সূত্র ধরে ডেকে নেওয়া হয়। এরপর আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে মধুমতি নদীর চরে একটি নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে গণধর্ষণ করা হয় এবং মোবাইলে সেই চিত্র ধারণ করা হয়।
গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে পরদিন ২৯ জানুয়ারি বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন।
১২৪ বার পড়া হয়েছে