সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা: বেকার যুবকদের নতুন আশা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় বেকার ও প্রশিক্ষণবঞ্চিত তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী কারিগরি দক্ষতা মেলা। বেসরকারি উন্নয়ন সংস্থা 'সিডো' ও 'অ্যাকশনএইড বাংলাদেশ'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় যুবসমাজকে দক্ষ করে তোলার পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের পথ সুগম করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ অপু হালদার, উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন সিডো সংস্থার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ।
আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য কেবল যুবকদের প্রশিক্ষণের তথ্য দেওয়া নয়, বরং তাদের প্রশিক্ষণ থেকে শুরু করে সরাসরি কর্মসংস্থান পর্যন্ত একটি টেকসই সংযোগ তৈরি করা। মেলায় সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য নিজেদের নাম তালিকাভুক্ত করেন।
মেলায় অংশগ্রহণকারীদের সামনে কম্পিউটার প্রশিক্ষণ, মৎস্য চাষ, হাউজ ওয়ারিং, রেফ্রিজারেটর মেরামত, হস্তশিল্প, ক্যাটারিং, গ্রাফিক্স ডিজাইন, পোশাক তৈরি এবং ড্রাইভিংসহ বিভিন্ন আধুনিক ও চাহিদাসম্পন্ন কারিগরি কোর্সের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এছাড়া জাপানিজ ও কোরিয়ান ভাষার মতো বৈদেশের উপযোগী ভাষা শিক্ষা কোর্সের বিষয়েও যুবকদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য তারা যুবদের প্রতি আহ্বান জানান। প্রশিক্ষণ শেষ হওয়ার পর এসব যুবকদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হবে বলেও আয়োজক সংস্থা থেকে জানানো হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে