ফরিদপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই কঠোর পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডিত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি পার্শ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৬ সালের ৩ মে বিকেলে শিশুটি জামা আনতে প্রতিবেশী এক দর্জির বাড়িতে যায়। সেখানে দর্জিকে না পেয়ে জামাল মোল্লার বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় আসামি কৌশলে তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
একপর্যায়ে শিশুটি আত্মরক্ষার্থে ঘর থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতে পড়ে গিয়ে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করলে জামাল মোল্লা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় প্রদান করেন।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অ্যাডভোকেট গোলাম রব্বানী রতন বলেন, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অপরাধ দমনে এবং সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আইনের এই কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি ও প্রশংসনীয়।
১০৩ বার পড়া হয়েছে