ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেলস্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে ময়মনসিংহবাসী
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
করোনাকালীন সময় থেকে বন্ধ রয়েছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ রেলস্টেশন ও সোহাগী রেলস্টেশন। রেল পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় যাত্রী, শিক্ষার্থী ও কৃষকেরা। স্টেশন দুটি পুনরায় চালুর দাবিতে ফুঁসে উঠছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ রেললাইনের গুরুত্বপূর্ণ দুটি স্টেশন ঈশ্বরগঞ্জ ও সোহাগী। একসময়ের কোলাহলময় এই স্টেশন দুটি এখন সুনসান নীরবতায় ঢাকা। প্ল্যাটফর্মজুড়ে এখন ময়লা-আবর্জনার স্তূপ আর গবাদি পশুর বিচরণ। করোনাকালে স্টেশন দুটি বন্ধ হওয়ার পর থেকে আজ পর্যন্ত সেখানে কোনো ট্রেন থামে না, মেলে না টিকিটও।
দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্টেশনগুলোর মূল্যবান সরকারি সম্পদ ও সিগন্যাল যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, রাতে তো বটেই, দিনে-দুপুরেও স্টেশন এলাকায় বসছে মাদকসেবী ও অপরাধীদের আড্ডা। অরক্ষিত এই রেল স্টেশন দুটি এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
যোগাযোগের সহজ ও সাশ্রয়ী মাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এই অঞ্চলের সাধারণ মানুষ। বর্তমানে বিকল্প হিসেবে অতিরিক্ত ভাড়া দিয়ে বাস বা সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সড়ক পথের পরিবহন সিন্ডিকেটের কারসাজির কারণেই এই স্টেশনগুলো আর চালু করা হচ্ছে না।
বিশেষ করে চরম লোকসানের মুখে পড়েছেন ঈশ্বরগঞ্জের প্রান্তিক সবজি চাষিরা। রেল পরিবহন বন্ধ থাকায় বেশি ভাড়ায় ট্রাকে করে কাঁচামাল পরিবহন করতে হচ্ছে। ফলে উৎপাদন খরচ না ওঠায় বাধ্য হয়ে কম মূল্যে পাইকারদের কাছে পণ্য বিক্রি করতে হচ্ছে। এছাড়া সোহাগী এলাকার কুটির শিল্প ও খাদ্য গুদামের পণ্য আনা-নেওয়াও ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে।
এই বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন দুটির বর্তমান অবকাঠামোগত অবস্থা এবং প্রয়োজনীয় জনবল সংকট খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে স্টেশন দুটি পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হবে। তবে কেবল আশ্বাসের নয়, দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ দেখতে চান ঈশ্বরগঞ্জবাসী।
১২৯ বার পড়া হয়েছে