বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ: পায়রাসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ দেশের দক্ষিণ উপকূলজুড়ে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সাগর উত্তাল থাকায় পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে উপকূলের মৎস্যজীবী ও শ্রমজীবী মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার সকাল থেকেই পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটাসহ দেশের উপকূলীয় অঞ্চলে দমকা হাওয়াসহ একটানা বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণের ফলে বিপাকে পড়েছেন স্থানীয় খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
বঙ্গোপসাগর বর্তমানে অত্যন্ত উত্তাল রয়েছে। সমুদ্রের বিশাল আকৃতির ঢেউ এসে কুয়াকাটা সৈকতে আছড়ে পড়ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যেকোনো সময় উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে দেশের চারটি প্রধান সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি রাখতে বলা হয়েছে।
ঝুঁকি এড়াতে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে প্রশাসন। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জানান, সাগরে কাঙ্ক্ষিত মাছ না মেলার পাশাপাশি ঘন ঘন আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা চরম সংকটে পড়েছেন। ট্রলারগুলোকে সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে।
১৬০ বার পড়া হয়েছে