সাতক্ষীরায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার ৩
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় পুলিশের এক বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেনসহ দলটির অঙ্গসংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা হলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন (৫৫), সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন (৩০) এবং জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন (৪০)। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত এই ৩ রাজনৈতিক নেতার বিরুদ্ধে এলাকায় একাধিক নিয়মিত মামলা রয়েছে। শনিবার সুনির্দিষ্ট ও গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
১২৩ বার পড়া হয়েছে