নড়াইলে বৃদ্ধকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ, সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ২:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী নাজিম উদ্দিন দেওয়ানের অভিযোগ, বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎকারী একটি চক্র তাকে তুলে নিয়ে মারধর করে এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তবে অভিযুক্তরা এই অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
লোহাগড়ার লক্ষীপাশা এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাজিম উদ্দিন দেওয়ান অভিযোগ করেন, গত ১২ আগস্ট লোহাগড়া উপজেলা পরিষদ থেকে মোটরসাইকেলযোগে বের হওয়ার সময় তাকে জোরপূর্বক আটকে রাখা হয়। মনিরুজ্জামান মনি, মিরাজ শেখ ও ইমরানসহ অজ্ঞাতনামা কয়েকজন তাকে একটি ঘরে নিয়ে মারধর করে এবং তার কাছে ৫ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও ব্যাংক চেক দাবি করে।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, অভিযুক্তরা জোরপূর্বক তার মোটরসাইকেলের চাবি, মোবাইল ফোন এবং তিনটি ১০০ টাকার খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও দুটি ডেমিতে স্বাক্ষর রেখে দেয়। পরবর্তীতে লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ওই স্বাক্ষরযুক্ত স্ট্যাম্পগুলো ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মিথ্যা মামলার আশঙ্কা প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনার নেপথ্যে জানা যায়, ভুক্তভোগীর ছেলে সৌরভকে বিদেশে পাঠানোর কথা বলে মনিরুজ্জামান মনিকে দুই দফায় ৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ দিন পার হলেও সৌরভকে বিদেশে পাঠাতে ব্যর্থ হন এবং টাকাও ফেরত দেননি। এই টাকা ফেরত চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয় এবং ইতিপূর্বে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
তবে অভিযুক্ত ব্যক্তিরা এই অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে, লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম মণ্ডল জানান, টাকা-পয়সার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্বশত্রুতা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটকে রাখার কোনো সত্যতা সরাসরি পায়নি, তবে পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২৩ বার পড়া হয়েছে