সর্বশেষ

জাতীয়

কাওয়ালী-বাউল চর্চায় অসাম্প্রদায়িক সংস্কৃতি লালনের আহ্বান তথ্যমন্ত্রীর 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কাওয়ালী সন্ধ্যায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের প্রভাবের বিষয়টি স্পষ্ট হয়। একই সঙ্গে কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধকে মানুষের জীবন ও সংস্কৃতির সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

মন্ত্রী বলেন, ধর্মকে যারা অতিরিক্ত কঠোরতা বা বাড়াবাড়ির দৃষ্টিতে দেখেন, সুফি সংস্কৃতির মানবিক ও প্রেমভিত্তিক চেতনা তাঁদের সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর মতে, উপমহাদেশে ইসলামের শান্তির বাণী ছড়িয়ে দিতে কাওয়ালী ও সুফি সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

জহির উদ্দিন স্বপন বলেন, স্রষ্টাকে শুধু কঠোর বিচারক হিসেবে দেখার পরিবর্তে তাঁর সঙ্গে সৃষ্টির প্রেমের সম্পর্কের যে ধারণা, কাওয়ালীর মূল সুরে তার প্রকাশ রয়েছে। এ কারণেই কাওয়ালী শুধু বিনোদনের মাধ্যম নয়, এর মধ্যে একটি গভীর আধ্যাত্মিক ও মানবিক দর্শনও রয়েছে।

জাতীয় প্রেসক্লাবের এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, প্রেসক্লাব শিগগিরই বাউল সংগীত সন্ধ্যার আয়োজন করতে যাচ্ছে। কাওয়ালী ও বাউল সংগীতের মতো ধারার সম্মিলিত চর্চার মাধ্যমে দেশের প্রকৃত সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা সম্ভব।

সরকারের পক্ষ থেকে অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার কথা উল্লেখ করে মন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের উদ্যোগকে লালন ও পরিচর্যা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে তাঁর সম্পর্ক ঘনিষ্ঠ থাকবে। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এতে প্রেসক্লাবের সদস্য এবং সংস্কৃতিপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন