জয়পুরহাটে চোর সন্দেহে গণপিটুনি: ১ যুবকের মরদেহ উদ্ধার, আহত ১
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে পিটিয়ে শাহেদ আলী বাদশা নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম নামের অপর এক যুবক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ শনিবার সকালে জিয়াপুর হাওয়ার বিল এলাকা থেকে নিহতের মরদেহ ও আহত যুবককে উদ্ধার করে।
ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, শনিবার ভোরে ক্ষেতলাল উপজেলার জিয়াপুর হাওয়ার বিল এলাকার পদ্মপুকুর সংলগ্ন একটি কালভার্টের পাশে দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে মৃত এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে।
নিহত শাহেদ আলী বাদশা আলমপুর নলপুকুর গুচ্ছ গ্রামের আহম্মেদ আলীর ছেলে। স্থানীয়দের দাবি, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। অপরদিকে আহত মাজেদুল ইসলাম একই গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। গুরুতর আহত মাজেদুলকে চিকিৎসার জন্য ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন মাজেদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জয়পুরহাটের জামালগঞ্জ পেট্রোল পাম্পের সামনে থেকে কয়েকজন ব্যক্তি তাদের জোরপূর্বক তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরবর্তীতে গভীর রাতে তাদের মোটরসাইকেলে করে হাওয়ার বিল এলাকায় নিয়ে প্রায় ৯ জন মিলে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা তাদের সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, ইতিমধ্যে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে জামালগঞ্জ বাজারের একটি পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজে দুই যুবককে মারধর করার দৃশ্য দেখা গেছে। চুরির অভিযোগে এই মারধরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১০৬ বার পড়া হয়েছে