ময়মনসিংহে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’, সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ২:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে বাঙালির চিরন্তন লোকসংস্কৃতিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত আয়োজন করা হচ্ছে বিশেষ বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানে আয়োজিত এবারের পর্বে পরিবেশিত হয়েছে মরমি সাধক জালাল উদ্দীন খাঁ’র আধ্যাত্মিক বাণী ও সুর। শেকড় সন্ধানী এই সুরের মূর্ছনা উপস্থিত দর্শক-শ্রোতাদের দারুণভাবে বিমোহিত করে।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আসরের আয়োজন করা হচ্ছে। গত শুক্রবার বিকেলে শুরু হয়ে এই গানের উৎসব চলে রাত ৮টা পর্যন্ত। বাঙালি সংস্কৃতির আদি ও অকৃত্রিম রূপ সবার সামনে মেলে ধরাই এই ভাব তরঙ্গের মূল উদ্দেশ্য।
এ মাসের পর্বটি উৎসর্গ করা হয়েছিল বাংলার প্রখ্যাত মরমি বাউল সাধক জালাল উদ্দীন খাঁ-র স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানে তাঁর রচিত বিখ্যাত জালাল গীতি পরিবেশন করেন বাউল সাধক জালাল শাহ্ চিশতি, আব্দুল জব্বার, স্বদেশ তালুকদার, মো. শহীদুল ইসলাম, মো. আব্দুল হাফিজসহ স্থানীয় একঝাঁক প্রতিভাবান শিল্পী।
শিল্পীরা তাঁদের পরিবেশনার শুরুতে জালাল খাঁর বিখ্যাত ‘ভাব তরঙ্গ এসো আমার সঙ্গে’ গানটি গেয়ে শোনান। এরপর আধ্যাত্মিক তত্ত্বে ভরা ‘দিন গেলে দিন আর পাবে না’ এবং ‘এ বিশ্ববাজারে সাঁই নিরঞ্জনে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করা হয়, যা উপস্থিত সবাইকে ভিন্ন জগতে নিয়ে যায়।
অনুষ্ঠানে যন্ত্রী দলের অসাধারণ যুগলবন্দি ছিল উপভোগ করার মতো। হারমোনিয়াম, দোতরা, বাঁশি, ঢোল ও মন্দিরার সুরে এক মোহময় পরিবেশ তৈরি হয় জয়নুল উদ্যান জুড়ে। প্রতিটি পরিবেশনার শেষে করতালির মাধ্যমে শ্রোতারা শিল্পীদের উৎসাহ জোগান।
সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, অপসংস্কৃতি ও বাণিজ্যিক সংগীতের আগ্রাসন থেকে লোকজ সংস্কৃতিকে রক্ষা করতেই তাঁদের এই ধারাবাহিক প্রচেষ্টা। মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনার বিস্তার এবং বাউল সাধকদের মানবিক বাণী পৌঁছে দিতেই ‘ভাব তরঙ্গ’ কাজ করে যাচ্ছে।
১২২ বার পড়া হয়েছে