খুলনার দৌলতপুরে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার দৌলতপুরে জাল নোট তৈরির চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির ল্যাপটপ ও হার্ডডিস্কসহ বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কেএমপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে দৌলতপুর থানার পুরাতন সাতক্ষীরা রোডের ৬৮/৩ কাজী আব্দুল করিম রোডের একটি বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। সেখানে দুইতলা ভবনের দ্বিতীয় তলার একটি স্টুডিও কক্ষে জাল নোট তৈরির কাজ চলছিল।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—কাজী মিনহাজ করিম অমিত (৩২), শেখ ইমতিয়াজ কাদির (৩৮) ও আলিমুজ্জামান আশিক (৩০)। গ্রেপ্তারকৃত মিনহাজ ওই বাড়িরই বাসিন্দা এবং বাকি দুজন দৌলতপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে বিশেষ ল্যাপটপ, হার্ডডিস্ক এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু ডিজিটাল আলামত। এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
১২৪ বার পড়া হয়েছে