মোংলায় পূর্বশত্রুতার জেরে কুপিয়ে ও পিটিয়ে জখম, থানায় অভিযোগ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহ ও পূর্বশত্রুতার জের ধরে মিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এই নৃশংস হামলার ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, মোংলা থানার চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা গ্রামের চিনি ব্রিজ সংলগ্ন এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মিরাজুল ইসলামের প্রথম পক্ষের ছেলে মোঃ সাব্বির চৌধুরী বাদী হয়ে সৎ মা রঞ্জিদা বেগম এবং তাঁর আগের ঘরের দুই ছেলে সাজমুল খন্দকার ও নাজমুল খন্দকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে বিবাদীদের নির্যাতন ও হুমকির মুখে এলাকাছাড়া ছিলেন সাব্বির ও তাঁর মা নেহারুন বেগম। তবে তাঁর বাবা মিরাজুল ইসলাম গ্রামেই বসবাস করতেন। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে মিরাজুলকে একা পেয়ে পথরোধ করে অভিযুক্তরা। এরপর লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর আকস্মিক হামলা চালানো হয়।
একপর্যায়ে সাজমুল খন্দকার হত্যার উদ্দেশ্যে মিরাজুলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তাঁর মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মারধরের ঘটনাটিতে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩৯১ বার পড়া হয়েছে