গ্যাসের দাবিতে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফিলিং স্টেশন থেকে সরবরাহ না পাওয়ার অভিযোগে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শুক্রবার ভোরে কয়েকশ চালক সড়কে অবস্থান নেওয়ায় মুরাদপুর থেকে দুই নম্বর গেট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানাতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেওয়ার জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অনেক চালক গাড়ির ভেতরেই অপেক্ষা করছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও গ্যাস না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ দেখা যায়।
শাহিন নামের এক চালক বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারছেন না। কখন গ্যাস পাওয়া যাবে, সেটিও কেউ বলতে পারছেন না। এভাবে বসে থাকলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে।
মনু মিয়াজি নামের আরেক চালক বলেন, দুই দিন ধরে গাড়ি চালাতে পারেননি। এতে কোনো আয় হচ্ছে না। তবে গাড়ির জমা ও সংসারের খরচ ঠিকই দিতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেলে তাঁদের কী হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
মুজিবুল হক নামের এক চালক বলেন, চট্টগ্রাম নগরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও দীর্ঘ লাইন। দ্রুত সংকটের সমাধান না হলে চালকদের রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া উপায় থাকবে না।
ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি অটোরিকশায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের করার কিছু নেই।
গ্যাস সংকটে শুধু চালকেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। নগরের বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
চালকদের অবরোধের কারণে মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেট এলাকায় যান চলাচল ব্যাহত হয়। সকাল থেকেই এসব এলাকায় যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
১৩০ বার পড়া হয়েছে