কুয়াকাটার সৌন্দর্যবর্ধন ও পর্যটন সেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে বিকশিত করতে এবং পর্যটক সেবার মান বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এই আহ্বান জানান। একই সাথে সৈকতের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব বেশ কয়েকটি নতুন উদ্যোগের উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার কুয়াকাটা পর্যটন হলিডে কমপ্লেক্সের সভা কক্ষে পটুয়াখালী জেলা প্রশাসন ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর জেলা প্রশাসক ও কমিটির সভাপতি ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এই সভায় পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সভায় কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পর্যটকবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র দ্রুত বদলে যাবে।
সভায় বক্তৃতার পূর্বে কুয়াকাটার সৌন্দর্য বাড়াতে ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে বেশ কয়েকটি নতুন উদ্যোগের ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক। এর মধ্যে রয়েছে কুয়াকাটার বিভিন্ন সংযোগ সড়কে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া ও সোনালু গাছের চারা রোপণ, পর্যটকদের অবসর সময় কাটানোর জন্য একটি ব্যতিক্রমী লাইব্রেরি স্থাপন, ডিসি লেকের আধুনিকায়ন এবং বর্জ্য ব্যবস্থাপনায় জৈব সার উৎপাদন শেডের উদ্বোধন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অংশীজনদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলমান উন্নয়ন কাজগুলোকে টেকসই করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ নাজমুল হোসেন। এ ছাড়া স্থানীয় হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফসহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
১২৩ বার পড়া হয়েছে