সর্বশেষ

সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে মুন্সীগঞ্জে রাত ৮টার পর দোকান বন্ধের নির্দেশ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয়ভাবে জ্বালানি সংকটের মধ্যে মুন্সীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও যথাযথ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর শপিংমল ও দোকানপাট খোলা রাখলে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে জেলার কোল্ড স্টোরেজ ও শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটি’র এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় জেলার বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, জাতীয়ভাবে জ্বালানি সংকটের প্রভাবে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বর্তমানে চাহিদা ও সরবরাহের ঘাটতি রয়েছে। যার ফলে জেলাজুড়ে ৩০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি খাত, বিশেষ করে আলু সংরক্ষণের জন্য সচল থাকা ৬০টি কোল্ড স্টোরেজ এবং বিভিন্ন শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদ্যুৎ সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে সরকারের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া সন্ধ্যা ৭টার পর রঙিন ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখা এবং সব ধরণের আলোকসজ্জা পরিহার করতে বলা হয়েছে। মেলা, বাণিজ্য মেলা বা যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এবং পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শেখ মানোয়ার মোরশেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন