গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় বিদ্যুৎ অফিসে পুলিশি পাহারা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ঘন ঘন লোডশেডিংয়ের মুখে পড়েছে জেলাবাসী। এদিকে জনরোষ ও হামলার আশঙ্কায় স্থানীয় বিদ্যুৎ অফিসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জ পৌর এলাকায় ওজোপাডিকোর গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজন প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ। তবে জাতীয় গ্রিড থেকে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় ওজোপাডিকো কর্তৃপক্ষ এক ঘণ্টা পরপর লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে। ফলে দিনে প্রায় ১২ থেকে ১৫ বার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে।
এই চরম লোডশেডিংয়ের প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাতের বেলা একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় তাদের স্বাভাবিক ঘুম ও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট ও অনলাইননির্ভর ফ্রিল্যান্সিং পেশায় নিয়োজিত স্থানীয় যুবসমাজ বড় ধরনের আর্থিক লোকসানের মুখোমুখি হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে শিশু ও প্রবীণদের কষ্টও চরমে পৌঁছেছে।
একই সাথে এই সংকটের মারাত্মক প্রভাব পড়েছে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও। বোরো মৌসুমে সেচ পাম্পগুলো সচল রাখা কঠিন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর ক্ষুদ্র ও কুটির শিল্প, বেকারি এবং অন্যান্য বিদ্যুৎনির্ভর প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক উৎপাদন সচল রাখতে পারছে না। ফলে অতিরিক্ত জেনারেটর খরচের কারণে ব্যবসায়ীদের লোকসান বাড়ছে।
বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভের মুখে ওজোপাডিকো কার্যালয় ও বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও জনরোষ ঠেকাতে স্থানীয় প্রশাসন এই বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানা গেছে। ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, জাতীয় গ্রিড থেকে চাহিদামাফিক বিদ্যুৎ না পেলে এই লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়।
১০৯ বার পড়া হয়েছে