আজ বিরল পূর্ণ সূর্যগ্রহণ
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
আজ বুধবার বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় অবস্থান করায় ঘটবে পূর্ণ সূর্যগ্রহণ। ইউরোপের কিছু অঞ্চলে দিনের আলো হঠাৎ কমে গিয়ে অন্ধকার নেমে আসবে। ১৯৯৯ সালের পর এবারই প্রথম ইউরোপের মূল ভূখণ্ডের কিছু অংশ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
১২ আগস্টের এই পূর্ণ সূর্যগ্রহণের পূর্ণগ্রাসের পথ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের উত্তরাঞ্চল এবং পর্তুগালের একটি ছোট অংশ পর্যন্ত বিস্তৃত হবে। এর বাইরে ইউরোপের বড় অংশ, উত্তর-পশ্চিম আফ্রিকা, কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
পূর্ণগ্রাসের সময় চাঁদ সূর্যের উজ্জ্বল অংশ পুরোপুরি ঢেকে দেবে। ফলে পূর্ণগ্রাসের পথের নির্দিষ্ট এলাকাগুলোতে দিনের বেলায় অল্প সময়ের জন্য সন্ধ্যার মতো অন্ধকার নেমে আসবে। গ্রহণের সর্বোচ্চ পূর্ণগ্রাসের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। তবে অধিকাংশ পর্যবেক্ষণস্থলে পূর্ণগ্রাসের সময় দুই মিনিটের কম থাকবে।
স্পেনের লিওন, বিলবাওসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা থেকে পূর্ণগ্রাস দেখা যাবে সূর্যাস্তের কিছুক্ষণ আগে। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটের দিকে পূর্ণগ্রাস শুরু হওয়ার কথা। স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনার মতো শহরগুলোতে পূর্ণগ্রাস দেখা যাবে না, তবে সেখানে প্রায় সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।
এই মহাজাগতিক দৃশ্য দেখতে এরই মধ্যে ইউরোপের বিভিন্ন এলাকায় জড়ো হয়েছেন অসংখ্য দর্শনার্থী। তবে গ্রহণের পথের কয়েকটি অঞ্চলে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া নিয়ে উদ্বেগও রয়েছে। পরিষ্কার আকাশ না থাকলে পূর্ণগ্রাসের দৃশ্য আড়ালে চলে যেতে পারে।
সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো আংশিক বা পুরোপুরি আটকে দেয়। পূর্ণ সূর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদ পর্যবেক্ষকের দৃষ্টিতে সূর্যের চাকতিকে পুরোপুরি ঢেকে ফেলে। সূর্য ও চাঁদের আকাশে আপাত আকার কাছাকাছি হওয়ায় এমন ঘটনা সম্ভব হয়।
পূর্ণগ্রাসের সময় ছাড়া সূর্যের দিকে খালি চোখে তাকানো বিপজ্জনক। আংশিক গ্রহণ দেখার সময় অবশ্যই অনুমোদিত সৌর পর্যবেক্ষণ চশমা বা নিরাপদ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে।
২৭৪ বার পড়া হয়েছে