রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় তাঁর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দুই দিন আগে নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সংসদ কক্ষে ভোট হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মনির হোসেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সংসদ সচিবালয়ের প্রস্তুতি পর্যালোচনার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে এ সভা আয়োজন করা হয়েছে।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বৈঠকে অংশ নিয়েছে।
ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। প্রার্থীদের মনোনয়নপত্র সিইসির কাছে নির্বাচন ভবনে জমা দিতে হবে। এরই মধ্যে বিএনপি ও জামায়াত তাদের দলীয় প্রার্থীদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
নির্বাচনের মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সিইসির কার্যালয়ে সম্পন্ন হবে। একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। একাধিক প্রার্থী হলে সংসদ কক্ষে ভোট হবে এবং নির্বাচনি কর্মকর্তারা ভোট গ্রহণের কাজে সহায়তা করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পদ্ধতিও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে আলাদা। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত গোপন ব্যালটে ভোট হলেও রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দেন।
১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় তফসিলে সংসদ সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান ছিল। পরে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে প্রকাশ্য ভোটের বিধান চালু করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদে বর্তমানে সংরক্ষিত নারী আসনসহ মোট ৩৪৯ জন সদস্য রয়েছেন। তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন।
সংরক্ষিত আসনসহ বিএনপির সংসদ সদস্য রয়েছেন ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। এ ছাড়া সংসদে স্বতন্ত্র ৮ জন, এনসিপির ৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণপরিষদ, খেলাফত মজলিশ ও জাগপার একজন করে সদস্য রয়েছেন।
সাড়ে তিন দশক পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপি প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। অন্যদিকে বিরোধী দল জামায়াত ইতোমধ্যে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।
১৩৩ বার পড়া হয়েছে