দাকোপের পানখালীকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামকে আনুষ্ঠানিকভাবে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষে দেশজুড়ে পাইলট প্রকল্পের আওতায় নেওয়া ৩টি গ্রামের মধ্যে এটি অন্যতম। এই ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচিত হলো।
সোমবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি প্রোগ্রামের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। দেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পাইলট প্রকল্পের আওতায় পানখালী ছাড়া অন্য যে দুটি গ্রামকে নির্বাচন করা হয়েছে সেগুলো হলো— রাঙামাটির কাপ্তাই উপজেলার মিটিংগাছড়ি এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম। প্রধানমন্ত্রী জানান, এই গ্রামগুলোর নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এগুলোকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে খুলনার পানখালীর মমতাজ বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রান্ত থেকে যুক্ত হয়ে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পানখালী গ্রামটিতে যেমন ভৌগোলিক ও পরিবেশগত নানা চ্যালেঞ্জ রয়েছে, তেমনি রয়েছে অফুরন্ত সম্ভাবনা।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা স্থানীয় মানুষের জীবন-জীবিকার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও নিরাপত্তার স্বার্থে সরকারের বিশেষ মনোযোগ প্রয়োজন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর নিকট দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পানখালী সেতু নির্মাণের দাবি জানান।
জেলা প্রশাসনের এই সংযোগস্থলে খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুসহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
১১০ বার পড়া হয়েছে