মুন্সীগঞ্জে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে অংশীজনদের অবহিতকরণ সভা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে দেশব্যাপী আসন্ন ‘নৌযান শুমারি ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অংশীজনদের নিয়ে এক বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সরকারি কর্মকর্তা ও নৌযান মালিক সমিতির নেতৃবৃন্দ শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী ২০ আগস্ট থেকে জেলাজুড়ে আনুষ্ঠানিকভাবে এই শুমারি শুরু হবে।
১০ আগস্ট ২০২৬ সোমবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। শুমারি কার্যক্রম সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শারমিন করিম সভায় শুমারির গুরুত্ব ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন।
বক্তারা জানান, আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত একযোগে দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। মুন্সীগঞ্জ জেলাতেও এই কার্যক্রম সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নৌযান মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরাও এই সভায় অংশ নিয়ে শুমারি কার্যক্রমে সব ধরণের তথ্য প্রদানের আশ্বাস দেন।
১২১ বার পড়া হয়েছে