পলিথিন-কাগজ বিদায়, ভৈরবে এনআরবিসি ব্যাংকের ‘সবুজ ব্যাংকিং’ বিপ্লব
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পরিবেশ সুরক্ষায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এনআরবিসি ব্যাংক পিএলসির ভৈরব শাখা। চলতি আগস্ট মাস থেকে নগদ টাকা লেনদেনে পলিথিন বা কাগজের খামের পরিবর্তে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশীয় পাটের তৈরি ব্যাগ। আর্থিক প্রতিষ্ঠানের এই পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসা কুড়িয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।
ভৈরব শাখার এই অভিনব উদ্যোগে গ্রাহকরা এখন ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর তা বহন করছেন নান্দনিক ও টেকসই পাটের ব্যাগে। পূর্বে ব্যবহৃত কাগজের খাম বা প্লাস্টিকের ব্যাগ যা দ্রুতই আবর্জনায় পরিণত হতো, তার বিকল্প হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংকের এই পরিবেশবান্ধব উদ্যোগকে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি এটিকে ঐতিহ্যবাহী সোনালী আঁশকে মূলধারায় ফিরিয়ে আনার একটি প্রশংসনীয় প্রয়াস বলে অভিহিত করেন এবং অন্য ব্যাংকগুলোকেও এই গ্রিন ব্যাংকিং মডেল অনুসরণের আহ্বান জানান।
এনআরবিসি ব্যাংক ভৈরব শাখার প্রধান রকিবুল হাসান জানান, লেনদেনের প্রথাগত খোলস পেরিয়ে গ্রাহকদের পরিবেশের প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতেই তাদের এই উদ্যোগ। এই পরিবর্তনের ফলে গ্রাহকরাও নিছক আর্থিক লেনদেনের বাইরে এক অন্যরকম সম্মান ও ভালো লাগার অনুভূতি প্রকাশ করছেন।
ব্যাংকের নিয়মিত গ্রাহক মেহেদী পারভেজ তার প্রতিক্রিয়ায় জানান, পূর্বে ব্যবহৃত খামগুলো তাৎক্ষণিকভাবে ডাস্টবিনে ফেলে দিতে হতো। তবে এই পাটের ব্যাগটি অত্যন্ত মার্জিত ও পুনঃব্যবহারযোগ্য হওয়ায় এটি যেমন টেকসই, তেমনি এটি ব্যবহারে সামাজিক দায়িত্ববোধও জাগ্রত হয়।
সবুজ ব্যাংকিংয়ের এই উদ্যোগটি সম্পর্কে এনআরবিসি ব্যাংক সিলেট জোনের জোনাল হেড ও ভাইস প্রেসিডেন্ট মোঃ আরিফুর রহমান বলেন, ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, সমাজ ও পরিবেশের প্রতি এর বড় দায়বদ্ধতা রয়েছে। এই ধরনের ক্ষুদ্র পদক্ষেপগুলোই একসময় বড় প্রাতিষ্ঠানিক সংস্কৃতিতে রূপ নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১২২ বার পড়া হয়েছে