সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের ৩ জন নাটোরের
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন, যার মধ্যে তিনজনের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। মর্মান্তিক এই দুর্ঘটনার পর শোকের মাতম চলছে নিহতের পরিবার ও পুরো এলাকায়। স্বজনদের এখন একমাত্র আকুতি, সরকারি সহায়তায় যেন দ্রুততম সময়ে প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।
রিয়াদের ব্যস্ততম মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে যে ১৬ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বাসিন্দা রয়েছেন তিনজন। এই ভয়াবহ দুর্ঘটনায় পুরো এলাকায় এখন গভীর শোকের মাতম চলছে।
নিহত তিন রেমিট্যান্স যোদ্ধা হলেন—খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের রবিউল আওয়াল হৃদয়। জীবিকার তাগিদে সাব্বির দুই বছর আগে এবং শামীম মাত্র কয়েক মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। নতুন করে জীবনের স্বপ্ন সাজাতে গিয়ে তাদের এই মর্মান্তিক বিদায় মেনে নিতে পারছেন না কেউই।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সরকারিভাবে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
১৪৩ বার পড়া হয়েছে