পাবনায় পাল্টা মানববন্ধনে প্রতিপক্ষের হামলা, প্রকাশ্যে গুলিবিদ্ধ ১
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার আটঘরিয়ায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিপক্ষের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রকাশ্য গুলিবর্ষণে ইকরাম মোল্লা (৫০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে শিবপুর ত্বহা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। কদিম বাগদিপাড়া গ্রামের জবির মোল্লার ছেলে ইকরাম মোল্লা এবং একদন্ত ইউনিয়নের গুরুবাসি গ্রামের আহেদ বিশ্বাসের ছেলে টিপু বিশ্বাসের মধ্যে এই দ্বন্দ্বের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই মাদরাসার সহকারী শিক্ষক শামসুল আলম মঞ্জু এবং প্রভাষক আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। এর জের ধরে গত ৩ আগস্ট তাদের অপসারণের দাবিতে মাদরাসার সামনে মানববন্ধন করে একটি পক্ষ। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে ওই দুই শিক্ষকের সপক্ষে পাল্টা মানববন্ধনের ডাক দেয় অপর পক্ষটি।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকালে মাদরাসার সামনে ব্যানার নিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় টিপু বিশ্বাস ও তার সহযোগীরা অতর্কিতে হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উপস্থিত জনতা তাদের প্রতিহত করতে গেলে টিপু তার কাছে থাকা পিস্তল বের করে প্রথমে শূন্যে ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে বাধা দেওয়ায় হামলাকারী সরাসরি গুলি চালায়।
সহযোগীদের নিয়ে হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পর রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৮ বার পড়া হয়েছে